মহামারি করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে দেশব্যাপী মুঠোফোনে চিকিৎসা বা টেলিমেডিসিন সেবা চালু করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।
বুধবার বিকালে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।
ভিডিও কনফারেন্সে জানানো হয়, করোনা যুদ্ধে প্রকৌশলী পরিবারের ডাক্তার সদস্য নিয়ে আইইবি টেলিমেডিসিন সেবা চালু করেছে। দেশের যেকোনো প্রান্ত থেকে ০৯৬১১৮৮৮১১১ নাম্বারে ফোন করে টেলিমেডিসিন সেবা নিতে পারবেন। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত হটলাইনটি সচল থাকবে।
পর্যায়ক্রমে ৩৪ জন বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে এ সেবা প্রদান করবেন। ডাক্তাররা প্রতিদিন এক ঘণ্টা করে রোস্টারিংয়ের মাধ্যমে সেবা দেবেন। পরবর্তী সময়ে কোনো রোগী যদি কোনো টেস্ট রিপোর্ট ডাক্তারকে দেখাতে চান তাহলে
[email protected] এই মেইলে সাবজেক্টে ডাক্তারের নাম বা কোড লিখে রিপোর্ট অ্যাটাস করে মেইল করবেন। সংশ্লিষ্ট ডাক্তার সময়ানুযায়ী রোগীর রিপোর্ট দেখে পরবর্তী করণীয় ঠিক করে দেবেন।
এক্ষেত্রে হটলাইনে কোনো অবাঞ্ছিত কল এলে সিস্টেম থেকে নাম্বার ব্লক করে দেয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিয়ে বলা হবে বলে জানানো হয়।
ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা পৌঁছে দিয়েছেন। কিন্তু বর্তমানের পরিস্থিতিতে স্বাস্থ্য সেবা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত আর অন্যটি হচ্ছে সাধারণ রোগী। আমরা এই মহামারি করোনাভাইরাস প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে এই মহামারি করোনাভাইরাস প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।‘